ঢাকার কেরাণীগঞ্জ থেকে আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মুসলিম নগদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব- ১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মুসলিম নগর এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের ২০০ (দুইশত) গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- সেবেদ আলী (৫৩) ও আয়েশা খাতুন (৪৫) । এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ এক লাখ চৌদ্দ হাজার টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে।
