বগুড়ায় শহরে মেসার্স নর্থ বেঙ্গল এন্টারপ্রাইজ নামে একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্যদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে একটি টেক্সটাইল মিলে আগুন লেগেছে। গত সোমবার রাতের পৃথক সময়ে ঘটনা দুটি ঘটে। তবে দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি।
বগুড়া শহরের তিন মাথা এলাকার মেসার্স নর্থ বেঙ্গল এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনে আগুন লাগে সোমবার রাত সোয়া ৯টার দিকে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনের ক্যাশিয়ার সুলতান আহম্মেদ রতন বলেন, ‘একটি ট্যাংক লরি থেকে তেল আনলোড করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়।’
ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, পাশের দোকানের ওয়েল্ডিংয়ের আগুনের শিখা থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ফিলিং স্টেশনে থাকা ২টি ট্রাক পুরোপুরি ও ১টি ট্রাক আংশিক পুড়ে গেছে।
এদিকে সোনারগাঁয়ের বারদী বাজারে অগ্নিকাণ্ডে অহিদ টেক্সটাইল মিলসহ মুসলিম সুইটস এর একটি মিষ্টির দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
