নেইমার ও দানিলোর পর এবার চোটের মিছিলে যোগ হলো ব্রাজিলের আরও এক খেলোয়াড়ের নাম। তিনি অ্যালেক্স সান্দ্রো।
সুইজারল্যান্ডের বিপক্ষে কোমরে চোট পেয়েছেন এই ডিফেন্ডার। ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে তাই তাকে পাচ্ছে না পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বিবৃতিতে জুভেন্টাসের এই লেফটব্যাকের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন।
লাসমার বলেন, ‘অস্বস্তি বোধ করায় অ্যালেক্স সান্দ্রোকে (সুইজারল্যান্ডের বিপক্ষে) ৮৬ মিনিটে মাঠ থেকে তুলে নেওয়া হয়। মঙ্গলবার তাকে পরীক্ষা-নিরীক্ষার পর কোমরের বাঁ পাশে মাংসপেশিতে চোট ধরা পড়ে। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটা তিনি খেলতে পারবেন না।’
সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই চোট পান নেইমার ও দানিলো। ক্যামেরুনের বিপক্ষে তাদের দুজনেরও খেলা হবে না।
প্রথম দুই ম্যাচ জিতে ব্রাজিল অবশ্য শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ফেলেছে।
