বলিউডে আবারও প্রেমের গুঞ্জন। প্রভাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কৃতি শ্যানন। চারদিক যখন সরগরম এই খবরে, তখনই মুখ খুললেন নায়িকা।
শোনা গিয়েছিল, ‘আদিপুরুষ’-এর সেটেই নাকি হাঁটু গেড়ে কৃতিকে প্রেম নিবেদন করেন প্রভাস। এই প্রসঙ্গ আরও বেশি উসকে দিয়েছেন বরুণ ধাওয়ান। তবে কৃতি বা প্রভাস দু’জনেই চুপ ছিলেন। অবশেষে মৌনতা ভাঙলেন নায়িকা।
নিজের ইনস্টাগ্রামে স্পষ্ট করলেন যে এ সম্পূর্ণ রটনা। এমন কিছুই ঘটেনি।
কৃতি লেখেন, ‘এটা প্রেমও নয় আবার কোনও জনসংযোগের পন্থাও নয়। আমার ‘ভেড়িয়া’ রিয়্যালিটি শো-য়ে গিয়ে আসলে একটু বেশিই জংলি হয়ে উঠেছিল। তার মজা তাই ভয়ঙ্কর রটনার রূপ নিয়েছে।’
নায়িকা আরও যোগ করেন, কোনও সংবাদমাধ্যম আমার বিয়ের তারিখ ঘোষণা করার আগে সকলকে জানাতে চাই এই খবর সম্পূর্ণ মিথ্যা।
প্রসঙ্গত, ‘ভেড়িয়া’র প্রচারের ফাঁকে বরুণের বেফাঁস মন্তব্যের দরুণ তৈরি হয় এত গুঞ্জন। তিনি বলেন, “কৃতি এখন যাকে ডেট করছেন, তিনি ব্যস্ত দীপিকা পাড়ুকোনের সঙ্গে অন্য একটি ছবির শুটিংয়ে।” আর এ কথা শোনার পরই দুয়ে দুয়ে চার করেন সবাই।
