পেনাল্টি মিসের পর দল শক্তিশালী হয়েছে, বললেন মেসি

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১২:৪৪ পিএম

পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি। তবে ওই পেনাল্টি মিস নিয়ে ম্যাচ শেষে আক্ষেপ ছিল না আর্জেন্টিনা অধিনায়কের। বরং তার ওই পেনাল্টি মিস সতীর্থদের আরও তাতিয়ে দিয়েছিল বলে মন্তব্য তার।

কাতার বিশ্বকাপে বুধবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে পোল্যান্ডকে ২-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। এই জয়ের সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকেট কাটে দলটি।

এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার। শুরু থেকেই তাই গোলের জন্য ঝাঁপায় মেসিরা। তবে পোল্যান্ড অতিরক্ষনাত্মক খেলছিল। কোনো ভাবেই তাই জালের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা।

এমন পরিস্থিতিতে ৩৯তম মিনিটে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন মেসি। পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনি রুখে দেন মেসির শট। পরে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও হুলিয়ান আলভারেসের গোলে জয় আদায় করে নেয় আর্জেন্ট্নিা।

ম্যাচ শেষে পেনাল্টি মিস নিয়ে কথা বলেন মেসি। তার দাবি ওই পেনাল্টি মিসে দলের খেলায় বদল আসে। আর তাতেই জয় মিলে পোল্যান্ডের বিপক্ষে।

মেসি বলেন, ‘পেনাল্টি মিস করে আমি নিজের ওপর রেগে আছি। কিন্তু আমি পেনাল্টি মিসের পর দল আরও শক্তিশালী হয়ে যায়। আমরা জানতাম একটা গোল করতে পারলেই ওরা চাপে পড়ে যাবে। ওদের রক্ষণ ভেঙে যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত