মুন্সীগঞ্জে বিএনপির ২২৪ নেতাকর্মীর বিরুদ্ধে ৪ মামলা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০২:৪৭ পিএম

ককটেল বিস্ফোরণ ও অটোরিকশা ভাঙচুরের ঘটনায় মুন্সীগঞ্জের পৃথক ৪টি থানায় বিএনপির ২২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার জেলার সিরাজদীখান, লৌহজং, টঙ্গীবাড়ি ও গজারিয়া থানায় পৃথক ওই মামলা করা হয়।

জেলার সিরাজদীখান থানার ওসি একেএম মিজানুল হক জানান, উপজেলার নিমতলা এলাকায় বুধবার রাত সাড়ে ৭টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৭০ নেতাকর্মীকে আসামি করে এসআই মো. বিল্লাল বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করেছে।

একই রাতে জেলার লৌহজং উপজেলার বেজগাঁও কবরস্থান মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৪০-৫০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে বেজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ।

লৌহজং থানার ওসি মো. আব্দুল্লাহ আল তায়াবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে পুলিশ।

জেলার গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকায় ককটেল বিস্ফোরণে ৩ ছাত্রকর্মী আহত ও অটোরিকশা ভাঙচুরের ঘটনায় বিএনপির ৪৫ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আহত সুমন প্রধান বাদী হয়ে বিএনপি নেতা মোমিন প্রধানকে প্রধান আসামি করে এ মামলা দায়ের করেন।

এ ছাড়া জেলার টঙ্গীবাড়ি উপজেলার দেউলভোগে ককটেল বিস্ফোরণ ও অটোরিকশা ভাঙচুরের ঘটনায় বিএনপি দলীয় ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।

ভাঙচুর হওয়া অটোরিকশার যাত্রী আলম হোসেন বাদী হয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আলী আজগর রিপন মল্লিককে প্রধান আসামি করে এ মামলা দায়ের করেন। টঙ্গীবাড়ি থানার ওসি রাজিব খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলার বিভিন্ন উপজেলায় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের প্রসঙ্গে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আতোয়ার রহমান বাবুল বলেন, বিএনপি ককটেল বিস্ফোরণ, মারামারি, জালাও-পোড়াও রাজনীতি করে না। আগামী ১০ ডিসেম্বরের ঢাকার বিভাগীয় মহাসমাবেশ ঘিরে এ গুলো পুলিশের সাজানো নাটক। মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে মূলত ঢাকার মহাসমাবেশে না যাওয়া জন্যই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত