মানিকগঞ্জের সিঙ্গাইর বাসস্ট্যান্ডে সিএনজিতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হওয়ার পর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে আরো একটি মামলা হয়েছে।
উপজেলা ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের ইদু মিয়ার ছেলে আকাশ আহমেদ নয়ন বাদী হয়ে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
পুলিশ এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তাররা হলেন ধল্লা ইউনিয়নের পূর্ব বাস্তা গ্রামের মৃত বারেকের ছেলে মিঠু (৩২), চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত রফিকের ছেলে শাহীনুর রহমান শাহীন (৩৮), তোফাজ্জল হোসেনের ছেলে ফারুক (৩৮) ও মৃত মিনহাজ উদ্দিনের ছেলে শাহাদৎ হোসেন (৪৫)।
মামলার এজাহার সূত্রে প্রকাশ, আগামী ১০ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশকে অচল করার লক্ষ্যে আসামিরা পরস্পর যোগসাজশে গত বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গাজিন্দা গ্রামের জনৈক হানিফের ভিটা সংলগ্ন মানিকগঞ্জ টু হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে পাকা রাস্তার ওপর ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আসামিরা সিএনজিতে থাকা বাদী আকাশ আহমেদ নয়ন ও চালক শহীদুলকে গতিরোধ করে বিএনপির পক্ষে স্লোগান দেয়। একপর্যায়ে রাস্তায় যানজটের সৃষ্টি হলে আসামিরা পুনরায় হাত বোমা ফাটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
তবে এ ঘটনাকে মিথ্যা ও যড়যন্ত্র বলে দাবি করেছেন সিঙ্গাইর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। দলটির দায়িত্বশীল নেতারা দ্রুত এ মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুটি তাজা হাত বোমাসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের চার দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
