ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বাইডেন

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৫:৪৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে যদি ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য কোনো উপায় খুঁজে বের করার আগ্রহ থেকে থাকে তাহলে তিনি তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন।

যুক্তরাষ্ট্র সফররত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে বৃহস্পতিবার ওয়াশিংটনে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন বাইডেন।

বাইডেন বলেন, ‘আমি পুতিনের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত, যদি বাস্তবিক অর্থেই তার মধ্যে এমন সিদ্ধান্ত গ্রহণের আগ্রহ থাকে যে, তিনি যুদ্ধ শেষ করার উপায় খুঁজছেন। তবে তিনি এখনো তেমন আগ্রহ প্রকাশ করেননি।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি তেমনটা হয়, তাহলে তিনি তার ফরাসি ও ন্যাটো বন্ধুদের সঙ্গে পরামর্শ করে পুতিনের সঙ্গে কথা বলবেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধ শেষ করার একটা উপায় আছে—যুক্তিসংগত উপায়। আর তা হলো, পুতিনকে প্রথমেই ইউক্রেন থেকে রুশ বাহিনীকে সরিয়ে আনতে হবে। কিন্তু তিনি তা করবেন বলে মনে হয় না।

বাইডেন আরও বলেন, ‘ইউক্রেনের হাসপাতাল, শিশু যত্নকেন্দ্রসহ বিভিন্ন স্থানে বোমা ফেলছে রাশিয়া। ইউক্রেনে পুতিন যা করছেন তা অসুস্থ কাজ। ইউক্রেনকে পরাজিত করতে চাওয়ার বিষয়ে এই পরিকল্পনা পুতিনের বোধশক্তির বাইরে। তিনি প্রাথমিকভাবে যা কিছু হিসাব করেছেন তার পুরোটাই ভুল। ইউক্রেন ইস্যুতে পুতিন শুরু থেকেই প্রতিটি ক্ষেত্রে হিসাবে ভুল করেছেন।’

এর জবাবে রাশিয়া জানিয়েছে, তারাও আলোচনায় বসতে প্রস্তুত। তবে বাইডেন যেসব শর্ত দিয়েছেন তাতে আলোচনা সম্ভব নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত