দিনাজপুরে মারধরে আহত খালেকুল ইসলাম (৪০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মালদহপট্টী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খালেকুল ইসলাম বিরল উপজেলার মঙ্গলপুরের বাসিন্দা মৃত সাবের আলীর ছেলে। তিনি শহরের মেদ্যাপাড়ায় থাকতেন।
নিহতের ছোট ভাই খাদেমুল ইসলাম বলেন, দুপুরে নামাজের পর বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ পাই। ভাইয়ের অটোরিকশাটি শহরের মালদহপট্টীতে পড়ে আছে। অটোরিকশাটি নিতে আসলে ভাইকে মারধরের বিষয়টি জানতে পারি। আমার ভাইকে মেঘা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সন্তোষ ডালমিয়া মারধর করেছেন। পরে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বলেন, নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
