শুদ্ধস্বর কবিতা মঞ্চ। রাজধানী ঢাকার সরকারী তিতুমীর কলেজের অন্যতম পরিচিত সাংস্কৃতিক সংগঠন। বছরের বিভিন্ন উৎসব ও কলেজের অনুষ্ঠানে প্রাণান্ত উপস্থাপনাসহ নানান অংশগ্রহণে জমকালো করে তোলে সংগঠনটি।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বর্ণিল আয়োজনে শুদ্ধস্বর কবিতা মঞ্চের নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়েছে। সরকারী তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘শুদ্ধস্বর কবিতা মঞ্চের’ সভাপতি নাছিমা আক্তার চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দীন, বিশেষ অতিথি অধ্যাপক মালেকা আক্তার চৌধুরী, সাধারণ সম্পাদক শিক্ষক পরিষদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মো. রিপন মিয়া; সভাপতি, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ এবং মাহমুদুল হক জুয়েল মোড়ল; সাধারণ সম্পাদক, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগসহ শুদ্ধস্বর কবিতা মঞ্চের নবীন প্রবীণ সদস্যবৃন্দ।
অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, 'আজকে যারা নবীন, শুদ্ধস্বর কবিতা মঞ্চের সাথে যুক্ত হয়েছ সকলের প্রতি অভিনন্দন। শুদ্ধস্বর কবিতা মঞ্চের আজকের এ নবীনবরন অনুষ্ঠানে উপস্থিত শুদ্ধস্বর কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা দর্শন বিভাগের বিভাগীয় প্রধান নাছিমা আক্তার চৌধুরী যার হাত ধরে শুদ্ধস্বর কবিতা মঞ্চ সমৃদ্ধ একটা ক্লাবে রূপান্তর হয়েছে। যাদের মধ্যে আগ্রহ থাকে তারা আবৃত্তি করে, গান গায়, নৃত্য পরিবেশন করে এজন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে। তারা শুদ্ধস্বর কবিতা মঞ্চের মতো সংগঠন মাধ্যামে নিজের গুণ তুলে ধরে।’
তিনি আরও বলেন, 'পড়াশোনার পাশাপাশি শুদ্ধস্বর কবিতা মঞ্চে যুক্ত থাকবে, পড়াশোনা বাদ দিয়ে আসবে না। এটা হলো অতিরিক্ত পাঠ্যক্রম। প্রথমে পাঠ্যক্রম পরে অতিরিক্ত পাঠ্যক্রম।'
সভাপতি অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের প্রধান উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা। এর সাথে আমরা শিক্ষাবৃত্তি যার যেটা ভালো লাগবে সেটা করব। কেউ নাচ/নাটক করব, কেউ গান গাইব, আবৃত্তি করব, খেলব। আমরা মননশীলতার চর্চা করি এবং সে উদ্দেশ্যেই তিতুমীর কলেজে এখন অনেকগুলো সংগঠন রয়েছে।’
সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম শান্ত বলেন, ‘প্রজন্মের দীপ্ত উচ্চারণ’ এই শ্লোগানকে বুকে ধারণ করে গড়ে উঠেছে শুদ্ধস্বর কবিতা মঞ্চ। এটি সরকারি তিতুমীর কলেজের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন। আমরা বিশ্বাস করি, শুদ্ধ সংস্কৃতিই পারে সাম্প্রদায়িকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।
প্রসঙ্গত, শুদ্ধস্বর কবিতা মঞ্চ সাংস্কৃতিক সংগঠনটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় তবে আত্মপ্রকাশ হয় ২০১৭ সালের ১৭ মার্চ।
