শেষ মুহূর্তের গোলে নক-আউট পর্বে কোরিয়া

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১২:১৬ এএম

রেফারির শেষ বাঁশি বাজার সময় যতো ঘনিয়ে আসছি, কোরিয়ার বিদায় ততোই চোখ রাঙাচ্ছিল। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচ বলে কথা। সেখানেও আবার সুযোগ আছে পরের পর্বে যাওয়ার। সেটাই যেন শক্তিমান করে তুলে তাদের। সেই শক্তিতে ভর করেই শেষ মুহূর্তে গোল করেন হাওয়াং হি চান। সেই গোলের জোরেই পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া।   

নির্ধারিত সময়ের পর যোগ আরও ছয় মিনিট। প্রথম মিনিটেই পর্তুগালের জালে বল পাঠিয়ে উল্লাসে ফেটে পড়ল তারা। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় তুলে নিলে উচ্ছাস তো ছড়াবেই! তবে উল্লাসের কারণ, এই জয়ে নিশ্চিত হয়েছে শেষ ষোলো।

ঠিক যেন রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা মনে করিয়ে দিয়েছে। সেবার শেষ মুহূর্তের দুই গোলে তারা হারিয়েছিল জার্মানিকে। সে জয়ে অবশ্য পরের পর্বে যাওয়া হয়নি। কিন্তু এবার আর সে দুর্ভাগ্য ভর করেনি তাদের।

অথচ ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে দক্ষিণ কোরিয়া। পঞ্চম মিনিটে রিকার্ডো হোর্তার গোলে এগিয়ে যায় পর্তুগাল। তবে ২৭ মিনিটে তা পরিশোধ করেন কিম ইয়াং গুন। সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতির পর ম্যাচ চলছিল সমতাতেই। তাতে দক্ষিণ কোরিয়ার ফুটবল আকাশে কালো মেঘের ঘনঘটা উকিঝুকি দিচ্ছিল। তবে ৯১ মিনিটে হাওয়াং হি চানের গোলে সেই মেঘ ভেদ করে উদয় হয় সূর্যের। আগের দিন সূর্যোদয়ের দেশ জাপানের মতো কোরিয়ারও শেষ ষোলো নিশ্চিত হয় শেষ সময়ে।

একই সময়ে শুরু এইচ গ্রুপের অপর ম্যাচে ঘানাকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। আগেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত করা পর্তুগাল হয়েছে গ্রুপ সেরা। কোরিয়া ও উরুগুয়ের পয়েন্ট সমান, গোল পার্থক্যও সমান। তবে বেশি গোল করায় গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটের টিকেট পেল কোরিয়া। ঘানার সঙ্গে বিদায় নিল উরুগুয়েও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত