পশ্চিমবঙ্গের কাঁথিতে এক তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কাঁথির ভগবানপুর-২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে বিস্ফোরণটি ঘটে।
ভারতীয় গণমাধ্যমের খবর, বিস্ফোরণের ফলে তৃণমূল নেতা-সহ তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্রের খবর, নিহত তৃণমূল নেতার নাম রাজকুমার মান্না। এলাকার তৃণমূলের বুথ সভাপতি হিসেবে রাজকুমার পরিচিত।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঘটনায় নিহত বাকি দু’জন দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন। রাজকুমার এবং দেবকুমার সম্পর্কে দুই ভাই। আহতদের উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরে একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, আজ শনিবার কাঁথিতে সভা করতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক। অভিষেক যেখানে সভা করছেন, সেখান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ি খুব কাছে। তাই সভার আগে পুরো এলাকা পুলিশি নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জও। অভিষেকের সভা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। তার ঠিক আগে ঘটল এই বিস্ফোরণের ঘটনা। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বিজেপির অভিযোগ, রাজকুমার নিজের বাড়িতে বোমা বাঁধার কাজ করছিলেন। তখনই অসাবধানতার কারণে বোমা ফেটে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে, বাড়ি পর্যন্ত উড়ে যায়। হতাহতরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলেও স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ।
