ব্রাজিলের বিপক্ষে আরেকটি মিরাকলের স্বপ্ন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১২:৪৪ এএম

বিশ্বকাপে সাফল্যে এশিয়ার সেরা দক্ষিণ কোরিয়া ১২ বছর পর নকআউটে। ২০০২-এ জাপানের সঙ্গে সহ-আয়োজক কোরিয়ানরা খেলেছিল সেমিফাইনালে। সেবার গ্রুপপর্বের শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে জায়গা করে নেয় শেষ ষোলোতে। পরে ইতালি, স্পেনকে হারিয়ে ওঠে শেষ চারে, যেখানে জার্মানির কাছে হেরে যায় তারা। এবারো পর্তুগালকে নাটকীয়ভাবে ২-১ গোলে হারিয়ে নকআউটে কোরিয়া। আর বাঁচা-মরার লড়াইয়ে ব্রাজিল সামনে। তবে ৫ বারের চ্যাম্পিয়নকে হারিয়ে আরেকটি রূপকথার জন্ম দিতে চান অধিনায়ক সন হিউং মিন।

কোরিয়ার শেষ ষোলোতে ওঠার পেছনে ছিল দুটি বিষয়। পর্তুগালকে হারাতেই হতো, সঙ্গে দরকার ছিল ভাগ্যেরও। যদি গ্রুপের অপর ম্যাচে উরুগুয়ে ৩-০ গোলে ঘানাকে হারাত তবে বাদ পড়তে হতো গ্রুপ পর্ব থেকেই। তাই একে মিরাকল বললে ভুল হবে না। শেষ কাজটি করার পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছে কোরিয়ানরা। সন বলেন, ‘এই জয় দারুণ। কিন্তু আমাদের জন্য টুর্নামেন্ট এখনো শেষ হয়নি। আমরা সব সময় শেষ ষোলোতে যাওয়ার কথা বলি। তবে আমাদের উচিত হবে এর চেয়ে বড় কিছু নিয়ে ভাবা। আমি আশা করছি আরেকটি মিরাকল হবে।’ ২০০২ এর সেমিফাইনালে খেলা কোরিয়া দলের সঙ্গে বর্তমান দলকে মেলাতে চান না কোরিয়ার পর্তুগিজ সহকারী কোচ সার্জিও কস্তা। দক্ষিণ কোরিয়া ব্রাজিলের বিপক্ষে এর আগে খেলেছে ৭ ম্যাচ। ৬টি হেরেছে, জয় এক ম্যাচে। সবশেষ দেখায় গেল জুনে ব্রাজিল ৫-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত