মাগুরা-ঝিনাইদহ সড়কে গত শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলের ট্যাংক থেকে প্রায় ছয় কেজি রুপার গহনাসহ সারোয়ার উদ্দিন নামে এক যুবককে আটক করেছে সদর থানার পুলিশ। গত শুক্রবার রাতে মাগুরা সদর থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ জানান, শুক্রবার সন্ধ্যায় মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা দরগারগেট এলাকায় মোটরসাইকেল আরোহী সারোয়ার উদ্দিনের (২৮) গতিরোধ করে পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে প্রায় ৫১১ ভরি রুপার গহনা উদ্ধার হয়। বিশেষ কায়দায় মোটরসাইকেলের ট্যাংকের মধ্যে আলাদা চেম্বার তৈরি করে সে এগুলো নিয়ে যাচ্ছিল।
হিলিতে স্বর্ণ ও ৬ কেজি পিতলের আংটি উদ্ধার : হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আব্দুল মজিদ জানান, শনিবার দুপুরে যাত্রী কুসুম সরকারের ব্যাগের ভেতর থেকে ৯ ভরি ১১ আনা ওজনের হার, চুড়ি, দুল উদ্ধার করা হয়।
এছাড়া ৬ কেজি ওজনের বিপুল পিতলের আংটি পাওয়া যায়। এগুলো জব্দ করে হিলি কাস্টমস গুদামে জমা করা হয়েছে। পরে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়।
গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ থেকে ভারতে ফিরে যাওয়ার পথে কাস্টমস কর্তৃপক্ষ কুসুম সরকারের কাছ থেকে ওই স্বর্ণ ও পিতলের আংটি জব্দ করে।
