নবীনগরে সংঘর্ষে একজন নিহত অগ্নিসংযোগ, ভাঙচুর

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০২:২৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় শীতল মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। পরে খবর পেয়ে পুলিশ যায় ওই এলাকায়।

পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর ধরাভাঙ্গা রোডে গত শুক্রবার সন্ধ্যায় পিকআপ থেকে ‘জিপি’ তোলাকে কেন্দ্র করে মুক্তারামপুর গ্রামের কবির মিয়ার ছেলে ইব্রাহিম মিয়ার সঙ্গে ধরাভাঙ্গা গ্রামের সলিমগঞ্জ বাজারের লাইনম্যান রহিম মিয়ার কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

ওই ঘটনার জের ধরে গতকাল শনিবার সকালে ধরাভাঙ্গা গ্রামের চেয়ারম্যানের ছেলে মানিক ও খোকনকে মারধর করা হয়। এ খবরে ধরাভাঙ্গা গ্রামের লোকজন মানিক ও ডাম বাবুর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুক্তারামপুর গ্রামে হামলা চালিয়ে পিটিয়ে হত্যা করে ওই গ্রামের পশ্চিম পাড়ার মৃত কানু মিয়ার ছেলে শীতল মিয়াকে এবং আগুন দেওয়া হয় মুক্তারামপুর গ্রামের ছয়টি ঘরে। হামলা-সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধাসহ দুই গ্রামের ১৫-২০ জন আহত হয়েছেন।

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত