দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ফখরুল

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১২:১৪ পিএম

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার বেলা ২টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার, পুলিশের সাঁড়াশি অভিযান এবং ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নিয়ে মহাসচিব কথা বলবেন বলে জানা গেছে।

ঢাকায় আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় বিভাগীয় সমাবেশ বানচাল করতে নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও তাদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ করছে বিএনপি। দলটির দাবি, ঢাকায় কর্মসূচিতে কারা অংশ নেবেন, তার এলাকাভিত্তিক তালিকা তৈরি করে চলছে পুলিশের অভিযান।

গতকার শনিবার রাতে যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ চারজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। রাজশাহীতে বিএনপির সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে তাদের আটক করা হয়। এ ছাড়াও গতকাল রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় ঢোকার রাস্তায় তল্লাশি চৌকি বসায় পুলিশ। গতকার শনিবার সন্ধ্যার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত