মির্জাপুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপার নিহত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১২:২৮ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কা লেগে মুকুল হোসেন (৪৫) নামে এক হেলপার নিহত হয়েছেন।

রবিবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সাটিয়াচড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুকুল হোসেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সিংড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের ওই স্থানে ঢাকাগামী মালবাহী চলন্ত একটি ট্রাকের পেছনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে ঘটনাস্থলে বাসের হেলপার নিহত হন এবং তিন যাত্রী আহত হন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

আহত তিন বাস যাত্রীকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাস ও ট্রাক আটক করেছে।

গোড়াই হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত