ছাত্রলীগের মারামারি ধারণ করতে গিয়ে মার খেলেন ২ সাংবাদিক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৭:৫৩ পিএম

জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সচেতন নাগরিক সমাজ’র ব্যানারে আয়োজিত মানববন্ধনের সংবাদ সংগ্রহের সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন দুই সাংবাদিক।  

তারা হলেন, ইত্তেফাকের রিপোর্টার হাসিব পান্থ (২৪) ও মানবজমিনের আব্দুল্লাহ আল মারুফ (২২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত দুই সাংবাদিক জানান, সচেতন নাগরিক সমাজের ব্যানারে মহানগর দক্ষিণ ছাত্রলীগের মানববন্ধন চলছিল। সেই নিউজ কাভার করছিলেন তারা। তখন ছাত্রলীগের নিজেদের মধ্যে মারামারি শুরু হয়। ফোনে সে দৃশ্য ধারণ করতে থাকেন তারা। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করে দুজনর মোবাইল ফোন ও টায়পড কেড়ে নেন। এ ছাড়া পান্থর পকেটে থাকা ১০ হাজার ৩ শ টাকা ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আহত দুজন জরুরি বিভাগের নিউরোসার্জারি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত