নাটোরের বড়াইগ্রামে মুক্তিপণের দাবিতে জিম্মি রাখা আলমগীর হোসেন (২৯) নামে এক যুবককে উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে গতকাল রবিবার জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের নওপাড়া বালিয়া এলাকা থেকে ওই যুবককে উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার যুবক আলমগীর নাটোর সদর উপজেলার বারুহাট গ্রামের আবদুল মজিদের ছেলে। তিনি একটি ইন্স্যুরেন্স কোম্পানির কর্মী।
গ্রেপ্তারকৃতরা হলেনÑপ্রিয়াঙ্কা খাতুন (১৯), নাফিউল ইসলাম (৩৩), জুয়েল রানা (৩০), আমিনুল ইসলাম (২০) ও সোহাগী বেগম (৩০)।
ডিবির ভাষ্য অনুযায়ী, গত শনিবার আলমগীর আহম্মেদপুর এলাকায় পেশাগত কাজে গেলে প্রিয়াঙ্কা বীমা করবে বলে বালিয়া গ্রামের একটি বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে আরও ৪-৫ জনের সহায়তায় তাকে জিম্মি করে। পরে মারপিট করে তাকে দিয়ে স্বজনদের মোবাইলে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেয়। এরপর স্বজনরা ১০ হাজার টাকা বিকাশ করে ঘটনা গোয়েন্দা পুলিশকে জানায়।
