ওয়াজ মাহফিলে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১০:২১ এএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ওয়াজ মাহফিলে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মানিক কাজি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ওই যুবকের নাম রাশেদুল ইসলাম (৩২)। তিনি পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডের পাখির মোড় এলাকার আবুল কালামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ওসমান গনি, রাহিজুল ও সোহেল জানান, ‘মানিক কাজি জামিয়াতুল উলুম আল ইসলামিয়া নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আগামীকাল সোমবার (৫ ডিসেম্বর) একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত ওয়াজ মাহফিলের সাউন্ড সিস্টেম ও ডেকোরেশনের কাজ নেন পার্শ্ববর্তী  নাগেশ্বরী উপজেলার মামুন ডেকোরেটর হাউজ নামের এক প্রতিষ্ঠান।

রবিবার রাত ৮টার দিকে ওয়াজ মাহফিলের ডেকোরেটিং ও আলোক সজ্জার কাজ করার জন্য বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় গায়ের সঙ্গে বিদ্যুতের তার জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান রাশিদুল।

মামুন ডেকোরেটর হাউজের স্বত্বাধিকারী আল মামুন বলেন, নিহত রাশেদুল আমার চাচাতো ভাই। বিদ্যুৎ সুইচ দেওয়ার সময় অসাবধানতাবশত তারের সঙ্গে জড়িয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত