চাঁদপুরে লেগুনা থেকে ছিটকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০১:৩৮ পিএম

চাঁদপুরের মতলব উত্তরে লেগুনা থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। 

সোমবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার লালপুর বেড়িবাঁধ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লেগুনাটি জব্দ করে থানায় নিয়ে যায়।

মুক্তা আক্তার মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকার আয়াত আলীর মেয়ে। তিনি স্থানীয় শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়তো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে বের হয়ে লেগুনাতে চড়ে প্রাইভেট পড়তে যায় মুক্তা। এসময় লালপুর বেড়িবাঁধ নামক স্থানে লেগুনা থেকে নামার সময় হঠাৎ চালক গাড়ি টানমারে। এসময় ভারসাম্য হারিয়ে মুক্তা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসি। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। চালককে আটক করতে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি। 

আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত