আসামিকে বাঁচাতে গিয়ে আইনজীবী কারাগারে

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৬:১৫ পিএম

জয়পুরহাটে চেক প্রত্যাখানের মামলায় ব্যাংক চালান জালিয়াতির দায়ে আইনজীবী আনিছুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নীশিথ রঞ্জন বিশ্বাস এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম তরুণ।

মামলার বিবরণ থেকে জানা যায়, সোহেল রানা নামে এক ব্যাক্তির বিরুদ্ধে চেকের টাকা পাওয়াকে কেন্দ্র করে আদালতে মামলা হয়। সেই মামলায় সোহেল রানা কারাগারে যায়। তাকে জামিনে মুক্ত করতে আইনজীবী, কারারক্ষী ও মুহুরিসহ ছয়জনের যোগসাজশে ব্যাংকের চালান ও অন্যান্য কাগজপত্র জালিয়াতি করা হয়।

পরে বাদী ও ব্যাংকের  সন্দেহ হলে গোয়েন্দা পুলিশকে জানায়। গোয়েন্দা পুলিশ তদন্ত করে আইনজীবী, মুহুরি ও কারারক্ষীসহ ৬ জনের সম্পৃক্ততা পেয়ে তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা করে। তারপর থেকে আইনজীবী আনিছুর রহমান ভারতে পলাতক ছিলেন। সোমবার (৫ ডিসেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইতে গেলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ ব্যাপারে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম বলেন, পলাতক ওই আইনজীবী দেশে এসে সোমবার জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত