রোনালদোকে এই পর্বে হিসাব করে খেলতে হবে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১২:৫৮ এএম

রাতটা কি আজ ক্রিশ্চিয়ানো রোনালদোময় হবে? কাতার বিশ্বকাপের শেষ ষোলোর শেষ ম্যাচ দুটি হবে আজ। স্পেন খেলবে মরক্কোর বিপক্ষে, আর পর্তুগাল সুইজারল্যান্ডের বিপক্ষে। দুই ম্যাচ মিলিয়ে মহাতারকা বলতে রোনালদোই। সবার নজর তাই তার দিকে থাকবেই। তবে এই দিকটি একপাশে রেখে বলব, খুব ভালো দুটি ম্যাচের অপেক্ষায় আছি আমি।

বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে স্পেন ও মরক্কো। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। শারীরিকভাবে শক্ত-সামর্থ্য দল তারা। খেলোয়াড়দের টেকনিক্যাল স্কিলও ভালো। এখন স্পেনের সঙ্গে লড়তে হবে মরক্কোকে। ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে আসর শুরু করে। দ্বিতীয় ম্যাচে জার্মানির সঙ্গে ড্র করার পর তৃতীয় ম্যাচে এসে হেরে যায় জাপানের কাছে। এরপর গ্রুপ রানার্সআপ হয়ে দ্বিতীয় পর্বে ওঠে দলটি। তবে আমার মনে হয় জাপানের বিপক্ষে হার তাদের খেলাকে খুব বেশি প্রভাবিত করবে না। জাপানের সঙ্গে হারাতেই মরক্কোর সঙ্গে খেলা পড়েছে তাদের। আমার মনে হয় এটা ভালোই হয়েছে লুইস এনরিকের দলের জন্য।

পর্তুগাল ও সুইজারল্যান্ড ম্যাচটা হবে খুবই ইন্টারেস্টিং। এখন পর্যন্ত পর্তুগালের খেলা দেখে যেটা মনে হচ্ছেÑ একটা গোল এলেও দ্বিতীয় গোলটা আসতে তাদের সমস্যা হচ্ছে। সুইসদের সঙ্গে ৪-৩-১-২ খেলতে পারে ওরা। এটা অনেকটা ৪-৪-২ এর মতোই। ক্রিস্টিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স সেক্ষেত্রে ওপরে থাকবে। ব্রুনো ফের্নান্দেস খেলবে তাদের পেছনে। সুইজারল্যান্ড সব সময় ৪-২-৩-১ খেলে। এ ম্যাচেও তারা ওই ফর্মেশনেই যাবে।

সুইজারল্যান্ড এমন একটা দল যাদের গোল দেওয়া বেশ কঠিন। যদিও সার্বিয়া তাদের বিপক্ষে দুই গোল করেছে। কিন্তু সুইসরা পরে ৩-২ করে ফেলে। ব্রাজিলকে জিততে যেমন বেশ বেগ পেতে হয়েছে। 

আগের পারফরম্যান্স যদি বিচার করি, পর্তুগাল ফার্নান্দো সান্তোসের কোচিংয়ে পরিস্থিতি বুঝে খেলে থাকে। যখন যেটা প্রয়োজন, সেটাই করে থাকে। সুইজাল্যান্ডের মুরাত ইয়াকিনও বেশ ভালো কোচ। দুজনের ট্যাকটিসের ভালো লড়াই হবে।

এবার রোনালদোর কথায় আসি। মেসির চেয়ে তিন বছরের সিনিয়র সে। মেসি যেখানে ভালো করছে সেখানে রোনালদো অতটা ভালো খেলছে না। এখন রোনালদোকে অনেক হিসাব করে খেলতে হবে। অন্যদের জন্য কীভাবে জায়গা তৈরি করে দেওয়া যায় সেই বিষয়টিতে নজর রাখতে হবে। যেটা সে ঘানার বিপক্ষে ম্যাচে করেছিল। দলের জন্য কাজে আসে এমন জিনিসগুলো তাকে করতে হবে। এমনিতে ও ব্যক্তিগত নৈপুণ্য মেলে ধরতে চায়। সব সময় গোল করতে চায়। উরুগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে যেমন চুলে লাগাকেও নিজের গোল বলছিল। এই বিষয়গুলো তাকে ছেড়ে দিতে হবে। কারণ এগুলো দলের কাজে আসবে কম। রোনালদো ভক্তরা আমার এ কথাগুলোকে যেন অন্য ভাবে না নেন, সেই অনুরোধ রাখছি। তার মতো খেলোয়াড়দের জন্য আমার শুভ কামনা আছে সব সময়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত