বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ‘ভিন্ন’ পরীক্ষা

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১২:৪৩ এএম

২০২৬ বিশ্বকাপের আগে ইউরোপীয় কোনো শক্তিশালী দলের মুখোমুখি হয়ে নিজেদের আসল শক্তি পরখ করে নেওয়ার পরিকল্পনা ছিল লিওনেল স্কালোনির। ২৭ মার্চ ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মর্যাদার ‘ফিনালিসিমা’ লড়াইয়ে নামার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে সেই মেগা ম্যাচটি বাতিল হয়ে গেছে। ফলে শক্তিশালী স্পেনের বদলে ফিফা র‌্যাংকিংয়ের ১১৫ নম্বর দল মৌরিতানিয়ার বিপক্ষে আজ রাতে মাঠে নামতে হচ্ছে আলবিসেলেস্তেদের।

২০২৪ কোপা আমেরিকা ও ইউরো জয়ের পর আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি হওয়া ছিল ফুটবল বিশ্বের সবচেয়ে কাক্সিক্ষত ম্যাচ। ম্যাচটি কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও যুদ্ধের কারণে কাতার সব ধরনের স্পোর্টিং ইভেন্ট স্থগিত করে। এয়ারস্পেস বন্ধ এবং যাতায়াত নিষেধাজ্ঞার কারণে উয়েফা ও কনমেবল যৌথভাবে ফিনালিসিমা বাতিল ঘোষণা করে। বিকল্প ভেন্যু হিসেবে সান্তিয়াগো বার্নাব্যু বা দুই লেগের ম্যাচের প্রস্তাব এলেও দুই পক্ষ একমত হতে না পারায় শেষ পর্যন্ত মেসি বনাম ইয়ামাল লড়াই আর দেখা হচ্ছে না ভক্তদের।

ম্যাচটি লা বোম্বোনেরায় অনুষ্ঠিত হবে, যার জন্য ইজেজা ট্রেনিং সেন্টারে কঠোর প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা। তবে স্কালোনির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দুই অভিজ্ঞ তারকা রদ্রিগো ডি পল এবং নিকোলাস ওতামেন্দির চোট। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ডি পলকে ‘কোকোড্রিলা’ (বিকল্প খেলোয়াড়) হিসেবে রাখা হতে পারে। অন্যদিকে ওতামেন্দির জায়গায় আজ শুরুর একাদশে দেখা যেতে পারে মার্কোস সেনেসিকে। ইনজুরির কারণে গঞ্জালো মন্টিয়েল এবং লিওনার্দো বালের্দি আগে থেকেই স্কোয়াডের বাইরে আছেন।

অনুশীলনে লিওনেল মেসিকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। ক্যারিয়ারের ৯০১টি গোল পূর্ণ করা এই কিংবদন্তি এখনো ক্ষুধার্ত। তার সঙ্গে আজ মাঝমাঠে দেখা যেতে পারে উদীয়মান তারকা নিকোলাস পাজ এবং জুলিয়ানো সিমিওনেকে। এছাড়া লাউতারো মার্টিনেজের ইনজুরি শঙ্কার কারণে জুলিয়ান আলভারেজ আজ মেসির সঙ্গী হতে পারেন, যিনি আজ নামলে দেশের হয়ে ৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন।

মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচটি স্কালোনির জন্য অনেকটা ‘এক্সপেরিমেন্ট’ করার সুযোগ। বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার আগে ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো এবং জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির মতো তরুণদের ঝালিয়ে নিতে চান কোচ। অন্যদিকে মৌরিতানিয়ার জন্য এটি ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ, যেখানে তারা চাইবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চমকে দিতে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো; এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, নিকোলাস পাজ, জুলিয়ানো সিমিওনে; লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত