শিশু মারুফের মৃত্যু; অভিযোগের তীর সৎমার দিকে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১০:২৬ এএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে ময়লা পানির গর্ত থেকে মো. মারুফ (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির সৎমাকে আটক করেছে পুলিশ। ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার (৫ ডিসেম্বর) রাত ১১টায় ওই ইউনিয়নের জামিদিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু একই এলাকার মাহমুদুল হাসানের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টায় শিশু মারুফ ঘর থেকে হঠাৎ নিখোঁজ হলে পরিবার ও প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বাড়ির লোকজনের গোসলের পানি যাওয়ার ছোট গর্তে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে।

পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, সোমবার রাত ১১টায় শিশু মারুফের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশু মারুফের গলায় ও পায়ে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সৎমা তাকে হত্যা করে পানির গর্তে ফেলে দিয়েছে। সৎমাকে আটক করা হয়েছে। মামলাও প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত