কক্সবাজারের উখিয়ার পর্যটন নগরী ইনানীতে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ।
মঙ্গলবার এর আনুষ্ঠানিকতা শুরু হলেও আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বাংলাদেশসহ বিশ্বের ২৮টি দেশের নৌবাহিনী ও মেরিটাইম সংস্থার অংশগ্রহণে চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী এ বিশাল আইএফআর আয়োজন করছে।
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোসহ এত অধিক সংখ্যক দেশের অংশগ্রহণে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ আয়োজন এটাই প্রথম।
বন্ধুপ্রতিম দেশসমূহের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা উন্নয়নের পথকে আরও সুগম করতে আইএফআর- ২০২২ অনুষ্ঠানের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ফ্রেন্ডশিপ বিওন্ড দি হরাইজন’ বা সীমানা ছাড়িয়ে বন্ধুত্ব।
অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের ২৮টি দেশের ৪৩টি যুদ্ধ জাহাজ, দুটি বিএন এমপিএ এবং ৪টি বিএন হেলিকপ্টার অংশগ্রহণ করবে।
বাংলাদেশ ছাড়া আইএফআর এ অংশগ্রহণকারী অন্য দেশগুলো হলো- যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, মিশর, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নাইজেরিয়া, নেদারল্যান্ডস, ওমান, প্যালেস্টাইন, সুদান, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, তুর্কি ও সংযুক্ত আরব আমিরাত।
উল্লেখ্য, আন্তর্জাতিক এবং আঞ্চলিক অঙ্গনে মেরিটাইম সহযোগিতা বৃদ্ধিকল্পে বিশ্বের বিভিন্ন দেশের নৌ বাহিনীসমূহ ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ আয়োজন করে থাকে।
