নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী মোহাম্মদ রানা (২৮) খুন হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) রাত ২টার দিকে ঘটনাটি ঘটেছে।
নিহত রানার বাবা আহাম্মদ আলী জানান, নগরীর বাবুরাইলের ‘পাকিস্তান হাউস’ হিসেবে পরিচিত জুলহাস মিয়ার বাড়ির তৃতীয় তলার চিলেকোঠায় স্ত্রী রোজী ও তার সহযোগী অজ্ঞাতনামা কয়েকজন মোহাম্মদ রানার হাতে, বুকে ও গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
মোহাম্মদ রানা একাই এই চিলেকোঠায় থাকতেন। আর স্ত্রী রোজি থাকতেন বরিশালের উজিরপুর এলাকায়।
স্থানীয়রা জানান, গভীর রাতে স্ত্রী রোজী আক্তার ও তার সাথে থাকা লোকজনের হামলার শিকার হন মোহাম্মদ রানা। তার চিৎকার শুনে বাড়ির লোকজন আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে আনা হলে চিকিৎসক নুরুজ্জামান রানাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন। মামলার প্রস্তুতি চলছে।
