ইরানে প্রথম এক সরকারবিরোধী বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৫:৪৪ পিএম

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন থেকে গ্রেপ্তার এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। চলমান বিক্ষোভ থেকে গ্রেপ্তার হওয়াদের মধ্য থেকে কোনো ব্যক্তিকে এই প্রথম ফাঁসি দেওয়া হল। ইরানের আদালত  ইতিমধ্যে ৬ জন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে। তার মধ্যে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হল।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মোহসেন শেকারি নামের ওই যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার বিরুদ্ধে ‘আল্লাহর বিরুদ্ধে শত্রুতা’ করার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভোল্যুশনারি কোর্ট।

শেকারির বিরুদ্ধে ‘দাঙ্গাবাজ’ হওয়ার ও সেপ্টেম্বরে প্যারামিলিটারি বাহিনীর এক সদস্যকে রামদা দিয়ে কোপানোর অভিযোগ করা হয়েছিলো।

কোনও ধরণের আইনি প্রক্রিয়া ছাড়াই লোকদেখানো বিচারের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে অভিযোগ করেছেন একজন বিক্ষোভকারী।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এক টুইটবার্তায় বলেন, ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘দ্রুত ও কার্যকর আন্তর্জাতিক ব্যবস্থা’ না নিলে প্রতিদিনই এ ধরণের মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু হবে।

ইরানি বিচার বিভাগের সংবাদসংস্থা মিজান জানিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর তেহরানের সাত্তার খান স্ট্রিট আটকে বাসিজ রেজিস্ট্যান্স ফোর্সের এক সদস্যের ওপর রামদা নিয়ে হামলা করেন মোহসেন শেকারি।

এরপর গত ১ নভেম্বর তার বিরুদ্ধে ‘হত্যা, সন্ত্রাস ও সমাজের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে’ অস্ত্র ব্যবহার এবং ‘আল্লাহর বিরুদ্ধে শত্রুতার’ অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানায় আদালত। 

এ রায়ের বিরুদ্ধে আপিল করলেও ২০ নভেম্বর তা খারিজ করে দিয়ে রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট।

দেশটির বিচার বিভাগ আরও জানিয়েছে, আন্দোলনের সাথে সম্পৃক্ত আরও ১০ জনকে ‘আল্লাহর বিরুদ্ধে শত্রুতা’র অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

ইরানে চলমান ‘জনপ্রিয় বিপ্লবকে আরও দমন করা’ ও ‘জনগণের মাঝে ভয় ঢুকিয়ে দেয়ার’ জন্য এসব মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত