দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের সমাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ।
তিনি বলেন, জীবন যাত্রার মান উন্নত হলেও দুর্নীতি বিরাজমান। এতে প্রতীয়মান হয় যে মানুষ অভাবে নয় বরং লোভ ও স্বভাবগতভাবেই দুর্নীতি করে থাকে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এক অনুষ্ঠান দুদক প্রধান একথা বলেন।
তিনি বলেন, যারা দুর্নীতি করে তাদের মধ্যে কোনও দেশপ্রেম আছে বলে দুদক মনে করে না। সামান্যতম দেশপ্রেম থাকলে তার পক্ষে দুর্নীতি করা সম্ভব নয় বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দুর্নীতির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া যায় না বরং দেশকে পিছিয়ে নেওয়া যায়। যারা দেশকে পিছিয়ে নেওয়ার কাজে জড়িত তারা কিভাবে দেশ প্রেমিক হতে পারে। একজন দুর্নীতিবাজের পরিচয় শুধুই দুর্নীতিবাজ।
দুদক চেয়ারম্যান আরও বলেন, একসময় দুর্নীতিবাজদের চিহ্নিত করে সমাজে বয়কট করা হতো। কিন্তু এখন মানুষের মর্যাদা হয় অর্থের মাপ কাঠিতে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে এসে দুর্নীতি করলে শাস্তি পেতে হবে এবং দুর্নীতি করে কেউ পার পাবে না এমন ধারণা সৃষ্টি করতে হবে। এজন্য দুদক সকল বিভাগ, জেলা, উপজেলায় সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের সমন্বয়ে ৫০২টি কমিটি করে সচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
