ব্রাজিলের প্রাণভোমরা নেইমারের আন্তর্জাতিক গোলসংখ্যা ৭৬। অন্যদিকে কিংবদন্তী পেলের ৭৭। শেষ আটের লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ মাঠে নামবেন নেইমার। সেখানেই তার সুযোগ পেলেকে স্পর্শ করা। জোড়া গোল করলেই ছাড়িয়ে যাবেন দেশটির তিনাবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া ফুটবলারকে।
সময়টা ১৯৬২ সালের ১৬ মে। ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করেন পেলে। সেই জোড়া গোলে পেলে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন। ব্রাজিলের কিংবদন্তি আদেমির মেনেজেসের গোলের রেকর্ড ভেঙে দেন পেলে। ১৯৫০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা আদেমির মেনেজেস ব্রাজিলের হয়ে গোল করেছিলেন ৩৩টি।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, অভিষেকের মাত্র চার বছর পরই মেনেজেসের রেকর্ড নিজের করে নেন পেলে। জানিয়ে রাখা ভালো, পেলে যখন আদেমির মেনেজেসের রেকর্ড ভাঙেন, তখন ব্রাজিলের হয়ে আদেমিরের গোল ধরা হতো ৩২টি। তবে সম্প্রতি ফিফা নিশ্চিত করেছে, আদেমিরের গোলসংখ্যা ৩৩। পেলের সেই রেকর্ড টিকে আছে ৬০ বছর ধরে। ব্রাজিলের ফুটবলে আরও কিংবদন্তি এলেও পেলের রেকর্ড কেউ ভাঙতে পারেননি।
অবশেষে এত দিন পর সে রেকর্ড আজ হুমকির মুখে পড়তে পারে। ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলতে পারেন নেইমার। এমনকি পেলেকে ছাড়িয়ে এককভাবে ব্রাজিলের শীর্ষ গোলদাতা হওয়ার সুযোগও আছে নেইমারের সামনে। আরও আগেই হয়তো রেকর্ডটা নিজের করে নিতে পারতেন নেইমার। কারণ, ৭৫ গোল নিয়ে বিশ্বকাপে এসেছিলেন ব্রাজিল ফরোয়ার্ড। এখন পর্যন্ত বিশ্বকাপে নেইমার গোল করেছেন মাত্র ১টি।
ব্রাজিলের জার্সিতে নেইমারের অভিষেক ২০১০ সালে। এখন পর্যন্ত ৩টি বিশ্বকাপ খেলেছেন। বিশ্বকাপে তার গোল ৭টি। চলতি কাতার বিশ্বকাপই হতে পারে নেইমারের শেষ বিশ্বকাপ, এমন ইঙ্গিত বিশ্বকাপের আগে দিয়েছিলেন পিএসজির এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
