শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় বিএনপির পূর্বঘোষিত গণসমাবেশে যোগ দিতে নাটোরের সিংড়া উপজেলার নেতাকর্মীরা ঢাকায় রওনা দিয়েছেন।
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ঢাকা বিভাগীয় গণসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে যোগ দিতে সিংড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকায় রওনা করেছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
তারা জানায়, শুক্রবার সিংড়া উপজেলার নেতাকর্মীরা হেঁটে, সিএনজি, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, মালবাহী ট্রাক, পিকআপ ও প্রাইভেট কারে চেপে যে যার মতো ঢাকা গিয়েছেন। এদের মধ্যে অনেকে পুলিশের চেকপোস্টে তল্লাশির শিকারও হয়েছেন।
নেতাকর্মীরা শুক্রবার ঢাকার সমাবেশে রওনা দেওয়ার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন।
উপজেলা বিএনপির সদস্যসচিব দাউদার মাহমুদ বলেন, ঢাকার সমাবেশের উদ্দেশ্যে রওনা করেছি। নেতাকর্মীরা যার যার মতো রওনা করেছে। পথে পথে পুলিশি চেকপোস্ট পার হয়ে পায়ে হেঁটে, সিএনজিতে, বাসে উঠে সমাবেশে যাচ্ছি।
