নয়াপল্টনের সড়কে সমাবেশ করা নিয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের পর দলটির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দেওয়া হয়। তবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল রবিবার সকালে কার্যালয় খুলে দেওয়া হবে। সেই সাথে যানবাহন চলাচলের জন্য নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল সড়কের ব্যারিকেড আজ শনিবার রাতেই সরিয়ে নেওয়া হবে বলেও জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্সের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ১০ তারিখের সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হতে পারে- এমন তথ্য আমাদের কাছে ছিল। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে নয়াপল্টন এলাকায় যান চলাচল ও বিএনপির পার্টি অফিসের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, আগামীকাল রবিবার সকালে পার্টি অফিস খুলে দেওয়া হবে ও আজ শনিবার রাতেই সড়কে যান চলাচল করতে পারবে।
