দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বাজার করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একলাস উদ্দিন (২৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় রুবেল মিয়া (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হিলির ছোট ডাঙ্গাপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত একলাস উদ্দিন হিলির বৈগ্রাম এলাকার তসলিম উদ্দিনের ছেলে ও আহত রুবেল মিয়া একই এলাকার শাহ আলমের ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া জানান, বাজার করা শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে করে হিলি বাজার থেকে বাড়ি ফিরছিলেন একলাস ও রুবেল নামের দুই যুবক। পথে ছোট ডাঙ্গাপাড়া এলাকায় একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে দ্রুতগতিতে থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একলাসকে মৃত বলে ঘোষণা করেন। এ ছাড়া রুবেলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে সে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।
নিহতের মরদেহ তার পরিবার বাড়িতে নিয়ে গেছে ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।
