মসজিদে হারামে ভ্রাম্যমাণ পাঠাগার

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১২:১৭ এএম

মক্কার পবিত্র মসজিদে হারাম প্রাঙ্গণে আগত মুসল্লিদের জন্য ভ্রাম্যমাণ পাঠাগার চালু করা হয়েছে। দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আস সুদাইস পাঠাগারটি উদ্বোধন করেন। হারাম শরিফের কিং আবদুল্লাহ সম্প্রসারিত প্রাঙ্গণে মসজিদে হারামের পাঠাগার ও সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে তা চালু হয়। মসজিদে হারামের সাধারণ পরিষেবা বিভাগের প্রধান আফনান আল লোকমানি জানান, মসজিদের মুসল্লি ও দর্শনার্থীদের জন্য সর্বোচ্চমানের সেবা নিশ্চিতের অংশ হিসেবে ভ্রাম্যমাণ পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

এর মাধ্যমে সহজেই সবার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া হবে। আল হারাম আল মাক্কি লাইব্রেরির সুরক্ষিত গ্রন্থাবলির সরবরাহ সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বিভিন্ন বিষয়ের নির্বাচিত বই সহজেই পড়তে পারবেন মুসল্লিরা।

মসজিদে হারামের যোগাযোগ বিভাগের প্রধান বুশরা আল মাহামাদি জানান, হারামাইন পরিকল্পনা-২০২৪ ও সৌদি ভিশন-২০৩০ এর অংশ হিসেবে জেনারেল প্রেসিডেন্সি বিভাগ সব ধরনের সেবা ও উদ্যোগে সর্বোচ্চ মান বজায় রাখছে। মসজিদে হারাম প্রাঙ্গণে ‘নলেজ কার্ট’ ও অন্য উদ্যোগগুলো মুসল্লিদের জ্ঞান সমৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত