নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূকে ধর্ষণের ভিডিও প্রবাসী স্বামীর কাছে পাঠিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে মামলাটি গ্রহণ করার পরপরই যু্বককে নিজ বাড়ি উপজেলার ব্রাহ্মন্দী কান্দাপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাসির (৩৫) ওই গ্রামের রেজেকের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার প্রবাসীর স্ত্রীর (২৮) একটি মোবাইল ফোন কিনে নেন অভিযুক্ত নাসির। পরে ওই মোবাইলে থাকা কিছু ব্যক্তিগত ছবি নাসির সংরক্ষণ করে তা দিয়ে ব্ল্যাকমেল করে ওই গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য কু-প্রস্তাব দেন। তাতে রাজি হননি গৃহবধূ।
গত ২৪ অক্টোবর রাত ৩টায় গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে নাসির তার ঘরে ঢুকে লুকিয়ে থাকেন।
গৃহবধূ ঘরে প্রবেশ করা মাত্র নাসির তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের দৃশ্য মোবাইলে ভিডিওধারণ করে। ভিডিওটি প্রবাসী স্বামীর কাছে পাঠায় অভিযুক্ত।
এ বিষয়ে গৃহবধূ নিজে বাদী হয়ে রবিবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের পর সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
