ওয়াগনার মার্সেনারিদের সদর দপ্তরে ইউক্রেনের হামলা, বহু ক্ষয়ক্ষতি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০৪:৩০ পিএম

রাশিয়ার পক্ষে লড়াই করা ওয়াগনার মার্সেনারিদের একটি সদর দপ্তরে ইউক্রেনের সৈন্যরা হামলা চালিয়েছে। খবর বিবিসির।

লুহানস্কের নির্বাসিত গভর্নর সেরহি হাইডাই জানিয়েছেন, লুহানস্কের কাদিভকায় যে হোটেলে ওই ভাড়াটে সৈন্যরা অবস্থান করছিল, সেখানে হামলায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে।

পশ্চিমা বিশেষজ্ঞদের মতে, ওয়াগনার হচ্ছে রাশিয়ার সমর্থনে তৈরি ভাড়াটে সৈন্যদের একটি বাহিনী, যারা ক্রেমলিনের স্বার্থে কাজ করে।

লুহানস্কের কাদিভকা হামলা প্রসঙ্গে নির্বাসিত গভর্নর হাইডাই বলেছেন, ওই আঘাতে রাশিয়ার ভালো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে যারা আহত হয়েছেন, পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় তাদের অর্ধেক মারা যাবে বলে তিনি ধারণা করছেন।

এদিকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া।

শনিবার ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, ওডেসা শহরে তারা ১০টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

অন্য পাঁচটি শহরের জ্বালানি অবকাঠামোয় আঘাত করেছে, যার ফলে সেখানকার ১৫ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, ইরানের তৈরি করা ড্রোন দিয়ে এসব হামলা করছে রাশিয়া।

অন্যদিকে রাশিয়ার দখলে থাকা মারিওপোলের মস্কোপন্থী কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের একটি মিসাইল হামলায় দুজন নিহত আর অন্তত ১০ জন আহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত