দীর্ঘ ৭ বছর পর সম্পন্ন হলো চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন। শহরের টাউন ফুটবল মাঠে বেলা ১১টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিকেলে জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে বর্তমান কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন।
সোমবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই দলে দলে সমাবেশস্থলে যোগ দেন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দিন গড়াতেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শহরের টাউন ফুটবল মাঠ। এরপর শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।
বেলা ১১টার থেকে সম্মেলনস্থলে যোগ দেন কেন্দ্রীয় কমিটির নেতারা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির ১০ ডিসেম্বরের আন্দোলন নিয়ে সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, খেলায় হেরেছে বিএনপি। সামনে সেমিফাইনাল ও ফাইনাল খেলা বাকি। সেখানেও হারবে বিএনপি।
সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল আলম মিলন, পারভিন জামান কল্পনা ও গ্লোরিয়া সরকার ঝর্ণাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সম্মেলনে বক্তব্য রাখেন। চলমান পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলেন তারা।
এদিকে সম্মেলন শুরুর আগে আসন নিয়ে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ ছয়জন আহত হন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
