আগ্রাসী ও সাহসী ক্রিকেট খেলার ইঙ্গিত রাহুলের

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০৯:২৩ পিএম

চট্টগ্রামের উইকেট বরাবরই সহায়তার হাত বাড়িয়ে দেয় ব্যাটসম্যানদের। সেই মাঠেই পরশু বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। যেখানে আগ্রাসী ব্যাটে খেলার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক লোকেশ রাহুল।

টেস্ট ক্রিকেটে বর্তমান সময়ের পরিচিত শব্দ ‘বাজবল’। ইংল্যান্ডের এখনকার টেস্ট খেলার ধরন রোমাঞ্চকর ও উপভোগ্যকর। আগ্রাসী ও সাহসী ক্রিকেট মানেই ইংলিশদের এই কৌশল। তবে এই ধরন উপভোগ্যকর হলেও ভারতের ‘অ্যাপ্রোচ’ আলাদা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক রাহুল।

ভারতও ইংল্যান্ডের পথে এগোবে কি না, বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে রাহুলকে এমন প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে স্টোকসদের খেলা দেখছেন। ভয়ডরহীন, আগ্রাসী ক্রিকেট উপভোগও করছেন।

তবে সব দল একইভাবে এগোতে পারবে না, মনে করেন রাহুল, ‘আমার মনে হয়, সেটি তাদের জন্য কাজ করছে। প্রতিটি দলেরই নিজস্ব পন্থা আছে। যেসব দল ভালো করছে, তাদের কাছ থেকে আমরা সবাই শিখতে পারি। তারা কীভাবে পারফর্ম করছে, তাদের জন্য কী কাজে দিচ্ছে। যেমনটি বললাম, সব সময় আপনি একই অ্যাপ্রোচে এগোতে পারবেন না। আপনি কোথায় আছেন, কন্ডিশন কেমন এগুলো বিবেচনায় নিতে হবে।’

রাহুলদের টেস্ট খেলার ধরনে প্রভাব ফেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপে। গতবারের ফাইনাল খেলা দলটি এখন আছে ৪ নম্বরে। এবারও সেটিই লক্ষ্য তাঁদের, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ উতরে যাওয়ার ব্যাপার আছে আমাদের। আমাদেরও আগ্রাসী হতে হবে। আমরা জানি, আমাদের অবস্থান কোথায়, ফাইনালে যেতে কী করতে হবে। যেমনটি বললাম, নির্দিষ্ট দিনে সবকিছু বিবেচনা করব। এটা টেস্ট ক্রিকেট—প্রতিটি দিন, প্রতিটি সেশনে দলের চাহিদা বিবেচনা করতে হবে। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে উপভোগ করতে হবে।’

চট্টগ্রামের এ মাঠে উইকেট ব্যাটিং সহায়ক, সেটি জানা কথাই। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও দেখা গেছে সেটি। এমন উইকেটে ফল আনতে গেলে কী করতে হবে, এমন প্রশ্নের জবাবে রাহুল বলেছেন, ‘আমরা আগে থেকেই নির্দিষ্ট কোনো মানসিকতা নিয়ে নামব না। হ্যাঁ, কোনো ভেন্যুর রেকর্ড ইতিহাস থেকে আপনি কিছু পয়েন্ট নোট করবেন। তবে দুই দলই কীভাবে খেলছে, সেটি গুরুত্বপূর্ণ। আমরা সাহসী, আগ্রাসী হয়ে ফল আনার চেষ্টা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত