টাকা পাচারকারীদের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলছেন, ক্ষমতাসীনদের প্রশ্রয় ছাড়া টাকা পাচারের ঘটনা ঘটতে পারে না। যারা টাকা পচারের সঙ্গে জড়িত তাদের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আর সরকার ব্যর্থ হলে বামপন্থিরা টাকা পাচারকারী, ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করবে। গতকাল সোমবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশে সিপিবি নেতারা এসব কথা বলেন।
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘একদিকে মানুষ খেতে পায় না অন্যদিকে ৩০ হাজার কোটি টাকা পাচার হয়ে যায়। ক্ষমতাসীনদের প্রশ্রয় ছাড়া টাকা পাচার সম্ভব না।’
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে আমরা স্বাধীন দেশ পেলেও আজো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি। বৈষম্যের অবসান ঘটেনি। আগে সম্পদ পাচার হতো প্রধানত পশ্চিম পাকিস্তানে। এখন পাচার হয় বিশ্বের বিভিন্ন দেশে। সেকেণ্ড হোম ও অন্য দেশে নাগরিকত্ব নেওয়ার পরিমাণ বেড়েই চলছে।’
