মেসির দিনে আর্জেন্টিনাকে হারানো কঠিন : প্রোসিনেকি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১০:৩২ এএম

ক্রোয়েশিয়া প্রথম বিশ্বকাপে খেলে ১৯৯৮ সালে। সেবারই চমক দেখিয়েছিল তারা। হয়েছিল তৃতীয়। সেই দলে ক্রোয়েশিয়ার মিডফিল্ডের অন্যতম ভরসার নাম ছিল রবার্ট প্রোসিনেকি। তিনি মনে করেন, মেসির দিনে আর্জেন্টিনাকে হারানো কঠিন। তবে এও মনে করিয়ে দেন, মেসি মাঠে থাকা অবস্থায়ই ২০১৮-তে ক্রোয়েশিয়া জিতেছিল।

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগে এক রেডিও চ্যানেলে কথা বলেন প্রোসিনেকি। সেখানে তিনি বলেন, ‘আমরা জানি যে মেসির দিনে (আর্জেন্টিনাকে হারানো) এটি অসম্ভব হবে। তবে আমরা এটাও জানি যে, আর্জেন্টিনাকে হারিয়েছি মেসি মাঠে থাকতে।’ সেমিফাইনাল ম্যাচে মেসি চাপে থাকবেন বলে মনে করেন প্রোসিনেকি। ‘আমার বিশ্বাস পারব (জিততে)। মনে করছি মেসি চাপে থাকবে, বিশ্বকাপ জেতার চাপে।’ নিজের দলের ওপর বিশ্বাস থাকলেও আর্জেন্টিনা যে ফেভারিট তা মানছেন সাবেক এই ক্রোয়াট। ‘ফেভারিট আর্জেন্টিনা তবে ক্রোয়েশিয়ার কথাও আপনি না বলে পারবেন না। যে কারও সঙ্গে হারতে এবং জিততেও পারে। আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে বিশ্বকাপ শিরোপা জেতে না, আবার মেসির এটি শেষ বিশ্বকাপ ম্যাচও হতে পারে। ম্যাচটি দারুণ উপভোগ্য হবে।’

মেসি কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত করেছেন ৪ গোল, অ্যাসিস্ট দুটি। ম্যাচসেরা হয়েছেন দুবার। তাই মেসির দিকে বাড়তি নজর থাকবে তা বলাই যায়। মেসি ও মদ্রিচকে নিয়ে প্রোসিনেকি বলেন, ‘সে সর্বকালের সেরার মধ্যে থাকবে, তবে আর্জেন্টিনার হয়ে এখনো বিশ্বকাপ জিততে পারেনি। মদ্রিচের বেলায়ও বিষয়টি প্রায় একই রকম। মেসিকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে না দেখাটা ফুটবলের জন্য অন্যায় হবে। সে এটার প্রাপ্য। তবে আমরা জানি ফুটবলে অনেক সময়ই ভাগ্য পক্ষে থাকে না।’

প্রোসিনেকি মনে করনে ম্যারাডোনাই একমাত্র খেলোয়াড় যিনি এককভাবে বিশ্বকাপ জিতিয়েছেন। ক্রোয়েশিয়ার এবারের দলে মিডফিল্ড শক্তিশালী। ‘আর্জেন্টিনার চেয়ে ক্রোয়েশিয়ার মিডফিল্ড বেশি শক্তিশালী। মদ্রিচ, কোভাচিচ, ব্রোজোভিচ আছে। আর্জেন্টিনার দুর্বলতা বলতে ওই মিডফিল্ডই। কেননা মেসির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো কেউ নেই সেখানে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত