বিএনপিকে যে চেনে না, সে কবরস্থানও চেনে না: মোশাররফ হোসেন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০১:৫২ পিএম

বিএনপিকে যে চিনে না, সে কবরস্থানও চিনে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি যেভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নির্যাতন করেছে তা কল্পনাও করা যায় না। তারা হত্যা, লুটপাটের রাজনীতি করে। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে একই সুরে আমিও বলতে চাই, যে হাতে তারা (বিএনপি) আক্রমণ করতে আসবে সে হাত ভেঙে দেবেন। যেন আর আক্রমণ করতে না পারে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে আর তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমানে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর, চারটি অর্থনৈতিক জোন, টেকনাফে এক্সক্লুসিভ জোন, মেরিন ড্রাইভ সড়ক, আন্তর্জাতিক বিমানবন্দরসহ উন্নয়নের মহাযজ্ঞ চলছে। শেখ হাসিনার দূরদর্শিতার জন্য এমন উন্নয়ন সম্ভব হয়েছে। 

মোশাররফ হোসেন বলেন, শেখ হাসিনার উন্নয়নের জন্য কক্সবাজার একটি অন্যরূপ ধারণ করেছে। আগে এ রকম কক্সবাজার ছিল না। 

বেলা পৌনে ১২টায় সৈকতের লাবণী পয়েন্টের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। দীর্ঘ সাত বছর পর এ সম্মেলন চলছে। 

এতে আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সুজিত রায় নন্দি, আমিনুল ইসলাম আমিনসহ অনেকে। 

জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক পৌর কাউন্সিলর এম এ মনজুরের সঞ্চালনায় শোক প্রস্তাব পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তাপস রক্ষিত ও স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। 

বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কাউন্সিল অধিবেশনে নেতা নির্বাচন হবার কথা রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত