বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল নিয়ে এখন উন্মাদনা চারদিকে। মঙ্গলবার রাতে আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। যে ম্যাচে চোখ সবার।
এদিকে ফুটবলের এই উন্মাদনার মাঝেই বুধবার থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-ভারত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টেস্টের আগে রাতে ক্রিকেটারদেরও বিশ্বকাপের ম্যাচে চোখ থাকতেই পারে। বিশেষ করে বাংলাদেশ দলে আর্জেন্টিনার ভক্ত অনেক। তবে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এ ব্যাপারে কড়া বার্তাই দিলেন ক্রিকেটারদের।
টেস্টের আগের রাতে ঘুম বাদ দিয়ে ক্রিকেটারদের ফুটবল ম্যাচ দেখাকে ‘স্টুপিড’ বলে মন্তব্য করেছেন ডমিঙ্গো। চট্টগ্রামে মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এই দক্ষিণ আফ্রিকান বলেন, ‘ওদেরকে অবশ্যই দ্রুত বিছানায় যেতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ভোর ৩টা পর্যন্ত ফুটবল দেখে সকাল সাড়ে ৯টায় টেস্ট ম্যাচ খেলতে পারেন না আপনি। দ্যাটস স্টুপিড! ওরা যদি এটা করে, আমি খুবই হতাশ হব।’
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার সাড়ে ৯টায় শুরু হবে বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট। দুই ম্যাচের সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতেছে স্বাগতিকরা।
