শিক্ষার্থীদের দিকে ঢিল ছুড়লেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য!

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০৬:৫০ পিএম

গত কয়েক দিন ধরে পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন শিক্ষার্থীদের একাংশ। মঙ্গলবার সে সব অগ্রাহ্য করে বাইরে বেরোতে যেতেই নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেই সময় শিক্ষার্থীদের দিকে উপাচার্য ঢিল ছোড়েন বলে অভিযোগ তাদের। এর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডয়ায়। তাতে দেখা যাচ্ছে, বিশ্বভারতী উপাচার্য নিজের হাতে ঢিল তুলে ছুড়ছেন শিক্ষার্থীদের দিকে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে শোরগোল।

গত প্রায় ২০ দিন ধরে বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন শিক্ষার্থীদের একাংশ। আন্দোলনকারীদের দাবি, ‘বিশ্বভারতীর উপাচার্যের স্বৈরাচারী মনোভাবের জন্য তাকে পদত্যাগ করতে হবে।’ বিক্ষোভ থামাতে তৎপর হন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু মঙ্গলবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

উপাচার্যকে ঘেরাওমুক্ত করতে গিয়ে এর পরেই শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান নিরাপত্তারক্ষীরা। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় মারামারি, ধাক্কাধাক্কি এবং তুমুল হট্টগোলে অশান্ত হয়ে ওঠে শান্তিনিকেতন। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে বাসভবন থেকে বেরোনোর পর উপাচার্যকে আটকাতে চান ছাত্রছাত্রীরা। সেই সময় তাদের লক্ষ্য করে ঢিল ছুড়েছেন বিদ্যুৎ। যদিও এ নিয়ে উপাচার্য বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কেউ কোনও প্রতিক্রিয়া দেননি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত