‘২৬ মার্চের আগেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১০:৫২ এএম

আগামী ২৬ মার্চের আগেই মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, বুদ্ধিজীবীদের তালিকা নিয়ে একটা জাতীয় কমিটি আছে। তারা এ বিষয়ে কাজ করছে। এ পর্যন্ত ১৫০০ বুদ্ধিজীবীর তালিকা আমরা করেছি। এছাড়া নতুনভাবে আরও ১০০ আবেদন জমা পড়েছে। আশা করছি ২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের একথা জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বাংলাদেশে খুব কম পরিবার আছে যারা মুক্তিযুদ্ধে তাদের স্বজন হারায়নি। আমাদের দেশে একজন সাবেক প্রধানমন্ত্রী আছেন, যিনি বলেন যে এতো লোক মারা যায়নি। যুদ্ধে এতো হত্যাকাণ্ড হয়নি।

প্রকৃত শহীদের সংখ্যা বিতর্কিত করার জন্য তারা এসব বলছে, বলে মন্তব্য করেন আ ক ম মোজাম্মেল হক। তার মতে, ১৬ ডিসেম্বর পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল, কিন্তু তাদের দোসররা আত্মসমর্পণ করেনি। তারা এদেশে ঘাপটি মেরে আছে।

বিএনপি এদেশের বিজয়কে, স্বাধীনতাকে বির্তকিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, সুকৌশলে তাদের প্রভুদের ইঙ্গিতে সব অপচেষ্টা করেছে বলেও জানান তিনি। 

তিনি বলেন, জনগণ অপশক্তিকে সবসময় প্রতিরোধ করেছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আগামী দিনেও স্বাধীনতাবিরোধীদের রাজনৈতিকভাবে কবর রচনা করবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত