মরক্কো ম্যাচের আগে সমর্থকদের সঙ্গে কী হয়েছিল এমবাপ্পের

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১২:৩৪ পিএম

ফ্রান্স-মরক্কো ম্যাচ তখনও শুরু হয়নি। খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছিলেন মাঠে। এমন সময় হঠাৎই গ্যালারিতে এক সমর্থকের কাছে ছুটলেন কিলিয়ান এমবাপ্পে। আসলে কী ঘটেছিল তখন?

অনুশীলন করার সময় এমবাপ্পের মারা বল গিয়ে লাগে এক সমর্থকের মুখে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় মুখ ঢেকে ফেলেন তিনি। এমবাপ্পে তাই দ্রুত ছুটে যান তার কাছে। ওই সমর্থকের কাছে ক্ষমাও চেয়ে নেন।

পরে ফিরে এসে সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন শেষ করেন। স্টেডিয়ামে ফ্রান্সের সমর্থকরা এমবাপ্পের ওই আচরণ দেখে হাততালি দিয়ে ওঠেন। ঘটনাটি ক্যামেরাবন্দি করেন ফটোসাংবাদিকরা।

বুধবার রাতে কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিতে মরক্কোকে ২-০ গোলে হারায় ফ্রান্স। পা রাখে ফাইনালে। আগামী রবিবার আর্জেন্টিনার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

কিলিয়ান এমবাপ্পে এখন পর্যন্ত ৫ গোল করে লিওনেল মেসির সঙ্গে টপ স্কোরারের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত