রেফারির শেষ বাঁশি বেজে গেছে। ফরাসি ফুটবলাররা মেতে উঠেছেন উল্লাসে। সতীর্থদের সঙ্গে উল্লাস করেছেন কিলিয়ান এমবাপ্পেও। পরে সেই জটলা থেকে বেরিয়ে তিনি ছুটে যান মরক্কোর খেলোয়াড়দের দিকে। আরও সহজ করে বললে তার পিএসজির সতীর্থ ও প্রিয় বন্ধু আশরাফ হাকিমির কাছে। হারের কষ্টে যিনি মাটি চেপে ধরেছিলেন। এমবাপ্পে বন্ধুকে মাটি থেকে টেনে তুললেন। একে অন্যের সঙ্গে জার্সি বিনিময় করলেন। তারপর দুজনকেই দেখা গেল ডাগআউটে একে-অন্যের সঙ্গে কথা বলতে।
গতকাল আল বায়েত স্টেডিয়ামে সবাইকে চমকে দেওয়া মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ফ্রান্স। ম্যাচে দাপট দেখালেও শেষ পর্যন্ত জয় পাওয়া হয়ে ওঠেনি মরক্কোর।
স্বাভাবিকভাবেই তখন হাকিমির চোখেমুখে ভর করে বিদায়ের কষ্ট। সেই বিদায়ের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে ম্যাচ শেষে হাকিমিকে সান্ত্বনা দিতে দেখা গেছে এমবাপ্পেকে। এরপর টুইটে হাকিমিকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘হতাশ হবে না ভাই। তুমি ইতিহাস রচনা করেছ। তুমি যা করেছ, তা নিয়ে সবাই গর্ব করছে।’
টুর্নামেন্টজুড়ে একে অন্যকে টুইট করে শুভেচ্ছা জানাতে থাকেন। আগামী রবিবার ফাইনালে এমবাপ্পেরা আর্জেন্টিনার মুখোমুখি হবেন। সেই ম্যাচের আগে হয়তো এমবাপ্পেকে শুভকামনা জানিয়ে পাল্টা টুইট করবেন হাকিমি, কে জানে!
