ক্যারিয়ারে সবকিছু পেয়েছেন লিওনেল মেসি। পাননি শুধু বিশ্বকাপটাই। কাতারে তার এই আক্ষেপ ঘুচবে তো? বার্সেলোনায় মেসির এক সময়ের সতীর্থ জ্লাতান ইব্রাহিমোভিচের দৃঢ় বিশ্বাস, আর্জেন্টিনা অধিনায়কের হাতেই উঠবে এবারের ট্রফি। এমনি মেসির ভাগ্যে বিশ্বকাপ লেখা হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন সুইডেনের এই তারকা।
লুসাইল স্টেডিয়ামে আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স।
কিলিয়ান এমবাপ্পে, অলিভিয়ের জিরুদের নিয়ে ফ্রান্স দলটাও এবার অপ্রতিরোধ্য বলা চলে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসির আর্জেন্টিনাকেই এগিয়ে রেখেছেন ৪১ বছর ইব্রাহিমোভিচ।
মরক্কোকে হারিয়ে ফ্রান্স ফাইনালে জায়গা করে নেওয়ার পর সাংবাদিকদের ইব্রাহিমোভিচ বলেন, ‘আমার মনে হয় বিশ্বকাপ কে জিতবে এটা এরই মধ্যে ভাগ্যে লেখা হয়ে গেছে। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন, আমি কার কথা বলছি। মেসিই ট্রফি উঁচিয়ে ধরবে, আমি তাই মনে করি। তার ভাগ্যে এরই মধ্যে তা লেখা হয়ে গেছে।’
চলতি আসরে দুর্দান্ত ছন্দে আছেন মেসি। সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু হলেও এরপর আর তাদের আটকাতে পারেনি কেউ। ৫ গোল ও ৩ অ্যাসিস্ট নিয়ে মেসি আছেন সর্বোচ্চ গোল দাতার তালিকায় শীর্ষে। ফরাসি তারকা এমবাপ্পে ৫ গোল ও ২ অ্যাসিস্ট নিয়ে আছেন দ্বিতীয় স্থানে।
