আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

সরিষাবাড়ীতে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৮

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১২:২৩ এএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা সার কারখানা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংর্ঘষের ঘটনায় পুলিশ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সদস্য মোফাজ্জল হোসেনসহ ৮জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে সরিষাবাড়ী থানার এসআই আবদুল মালেক বাদী হয়ে মামলাটি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে কারখানা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর খান বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের সংর্ঘষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

প্রসঙ্গত, যমুনা সার কারখানায় পরিবহন চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে গত ৩০ অক্টোবর রফিকুল ইসলাম ও আশরাফুল আলম মানিক পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ ওই ঘটনায় রফিকুল ইসলাম ও আশরাফুল আলম মানিকসহ দুই পক্ষের ১২৬ জনের বিরুদ্ধে মামলা করে। মামলার আসামিরা সম্প্রতি জামিনে ছাড়া পাওয়ার পর পুনরায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। গত বৃহস্পতিবার দুপুরে তারা ফের সংঘর্ষে জড়ায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত