লিওনেল মেসি তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে এখন। কাতার বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে তার দল। আগামী রবিবার ফ্রান্সের বিপক্ষে শিরোপার লড়াই তাদের। যে ম্যাচের আগে খোলা চিঠিতে মেসির উদ্দেশ্যে বার্তা দিলেন তার ছোটবেলার শিক্ষক মনিকা দমিনা। লিখেছেন, মৃত্যুর আগে একবার হলেও মেসিকে জড়িয়ে ধরতে চান তিনি।
খুব অল্প বয়সেই জন্মস্থান রোজারিও ছেড়ে ছিলেন মেসি। তবে চতুর্থ গ্রেড পর্যন্ত পড়াশোনা করেছেন সেখানেই। সেই সময় মনিকা মেসির শিক্ষক ছিলেন। যা সব সময় গর্বিত করে তাকে, ‘হ্যালো মেসি, ঈশ্বরকে ধন্যবাদ, তোমার শিক্ষক হতে পেরেছি। আমার ছাত্র হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। সব সময় একই রকম থাকার জন্য ধন্যবাদ। তুমি খুব সাধারণ, বিনয়ী, দুর্দান্ত একজন মানুষ। কখনো বদলাবে না। তোমার জীবনের অংশ হতে পেরে যে গৌরব অনুভব করছি, তা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’
চিঠিতে মেসির কাছে একটি চাওয়ার কথাও লিখেছেন মনিকা দমিনা, ‘এমন কিছু চাওয়ার জন্য দুঃখিত। এত এত বিপর্যয়ের মধ্যে আমাদের এতটুকু সুখ দেওয়ার জন্যই তোমাকে ধন্যবাদ। তোমার হাসিমুখ দেখাটাই আমার সুখ। তুমি তোমার অনুভূতি প্রকাশ করতে পারছ, এটা আমার ভালো লাগে। আমি তোমার শিক্ষক, এটা আমার জন্য স্বপ্নের মতো। এই সম্মানে তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। শুভকামনা।’
