বিএনপির শাসনামলে (২০০১-০৬) আওয়ামী লীগের নিখোঁজ নেতাকর্মীদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, বিএনপির আমলে নিখোঁজ ব্যক্তিদের তালিকা করা গণদাবিতে পরিণত হয়েছে। গত দেড় দশকে আওয়ামী লীগের শাসনকালে নিজেদের অনেক নেতাকর্মী নিখোঁজ ও গুম হয়েছে বলে অভিযোগ করে আসছে বিএনপি।
গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের ‘বড়দিন’ এবং থার্টিফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা ও আনুষঙ্গিক বিষয়সংক্রান্ত সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থার্টিফার্স্ট নাইট যাতে কোনো উচ্ছৃঙ্খলতা না হয়, সে জন্য ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা বার বন্ধ থাকবে।
গতকাল রাজধানীর একটি হোটেলে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণার সময় বিএনপি আবারও বলেছে, আওয়ামী লীগ আমলের ‘গুম, হত্যা ও নির্যাতনের’ প্রতিটি ঘটনার বিচার করবে তারা। বিএনপির এমন হুঁশিয়ারি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘গুম ও নিখোঁজের বিষয়ে আমরাও পদক্ষেপ নিচ্ছি।’ বিএনপির আমলে হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছে দাবি করে তিনি বলেন, ‘বিচারহীনভাবে যাদের হত্যা করা হয়েছে, তাদের তালিকা করা হচ্ছে। ২০০১ থেকে ২০০৬ সালে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল। গুম করা হয়েছিল। সবকিছুর তদন্ত হোক। সবকিছুর একটা ব্যবস্থা হোক। এটা আমরাও চাই।’
স্বরাষ্ট্রমন্ত্রী থার্টিফার্স্ট নাইটে আতশবাজি, ভুভুজেলা, পটকা না ফোটানোর অনুরোধ জানিয়ে বলেন, ‘থার্টিফার্স্ট নাইটে ফ্লাইওভার ও রাস্তায় কোনো কনসার্ট কিংবা নাচ-গানের আয়োজন করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো বহিরাগত ব্যক্তি যাতে ঢুকতে না পারে, সে জন্য বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’
